
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে মোসা.নিসা আক্তার (২৭) নামে এক গৃহবধূ তার স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দিনগত রাতে ভুক্তভোগী নিসা তার স্বামী মো.আব্দুল মালেক (২৮) ও তার সহযোগী বন্ধু জাহিদুল ইসলাম মালেকের (৩৫) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। অভিযুক্ত মালেক কক্সবাজার থানার সোবানিয়া পাড়া এলাকার মো. বাবুলের ছেলে ও জাহিদুল একই থানার লাইট হাউস এলাকায় বাসিন্দা।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিিএম) বলেন,প্রায় ১০ মাস আগে পারিবারিকভাবে নিসার সঙ্গে বিয়ে আব্দুল মালেকের। বিয়ের কয়েক মাস পর থেকেই মালেক ৫ লক্ষ টাকা যৌতুক হিসেবে নিসার পিত্রালয় থেকে দাবি শুরু করে। পরে নিসা তার সংসারের সুখের জন্য তার পিত্রালয় থেকে ২ লক্ষ টাকাও এনে দেয় মালেককে। এতে মালেক সন্তুষ্ট না হয়ে কিছুদিন না যেতেই বাকি ৩ লক্ষ টাকার জন্য নিসাকে মানসিক নির্যাতনের পাশাপাশি গালমন্দ করা শুরু করে।
ওসি আরও বলেন, ওই নির্যাতন সহ্য করতে না পেরে নিসা গত ২৫ এপ্রিল মালেকের সঙ্গে ঝগড়ার পর ডেমরার ডগাইর পূর্বপাড়া পিত্রালয়ে চলে আসে। এদিকে গত ১৮ জুন রাতে মালেক তার বন্ধু জাহিদুলকে সঙ্গে নিয়ে ৩ লক্ষ টাকার জন্য শ্বশুর বাড়িতে এসে নিসাকে বেধড়ক মারধর করে চলে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহযোগীতায় নিসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।


