তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা কখনো ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই বিএনপি আগামী নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে মাঠ ছেড়ে চলে যেতে চাচ্ছে। তো ফখরুল সাহেবকে বলবো মাঠে আসার জন্য এবং আমাদের সাথে খেলার জন্য। আমরা খেলেই জিততে চাই। আমরা চাই সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেই নির্বাচনের মাধ্যমে মানুষ আগামীর সরকার নির্বাচিত করবে।
হাছান মাহমুদ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যেভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আমল পরিবর্তন ঘটে গেছে, প্রতিটি শহর এবং গ্রামের যে পরিবর্তন ঘটেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে…। আগে মানুষ ডাল ও ভাতের কথা বলতো, এখন ডাল ও ভাতের পরিবর্তে মাংসের দাম বাড়লে মানুষ সেটি নিয়ে কথা বলে। এটিই হচ্ছে উত্তরণ।
তিনি বলেন, এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জনগণের ওপর আমাদের আস্থা আছে। আস্থা আছে বিধায় আমরা সবার সঙ্গে খেলে আমরা জিততে চাই। বিএনপিকে বলব খেলার মাঠ থেকে পালিয়ে না যাওয়ার জন্য।
বিএনপির মতো বড় দলকে ছাড়া আগামী নির্বাচন করলে বিতর্ক এড়ানো যাবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, নির্বাচনের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের মাঠে আমরা একটা পক্ষ। আমরা আয়োজক পক্ষ নই। সুতরাং নির্বাচন নিয়ে যদি তাদের কোনো অভাব-অনুযোগ কিছু থাকে সেটি নিয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারে। নির্বাচন কমিশন যদি আমাদের ডাকে তাহলে আমরাও সেখানে যাব। আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণ করা একটি রাজনৈতিক দলের দায়িত্ব।
তিনি বলেন, আমরা আশা করব আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, কথা বেশি নয় কথা একটাই-এই সরকারের পতন ঘটাতে হবে। আগামী নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে। তাহলে মির্জা ফখরুল নিজের এবং বিএনপির পতন, দুটিই অবলোকন করবেন।


