ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন খুব বেশিদিন হয়নি। এর ভেতরই মাঠের পারফরম্যান্সে বাংলাদেশি পেসার হাসান মাহমুদ বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। চলতি বছর বিশ্বকাপ এবং তার আগে আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এর মাঝেই ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এই পেসার। পারিবারিকভাবেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।গতকাল (শুক্রবার) বাদ জুমা বিয়ের আনুষ্ঠানিক কাজ সেরেছেন জাতীয় দলের এই তরুণ পেসার। এর আগে বুধবার তিনি বাগদান সেরেছেন। জানা গেছে, হাসান বিয়ে করেছেন মাদারীপুরের শিবচর থানার মাদবরচর গ্রামে। স্ত্রী চৈতি ফারিয়া ঐশী মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন। তার বাবা ফারুক হোসাইন একজন ব্যবসায়ী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ঐশী সবার বড়। তবে লাভ ম্যারেজ নয়, এটা অ্যারেঞ্জ ম্যারেজ বলেই জানা গেছে। বিশ্বকাপের পর বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে হাসানের পরিবার থেকে জানানো হয়েছে।


